উত্তরের আলো

ফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসনে ৪২ ছাগল ও ২ মুদি দোকান

ফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসনে ৪২ ছাগল ও ২ মুদি দোকান
Oplus_131072

হারুন-উর-রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি:
ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ১৬ জন অসহায় ও দরিদ্র মানুষ। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় তাঁদের মধ্যে ৪২টি ছাগল এবং প্রয়োজনীয় মালামালসহ দুটি মুদি দোকান হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাসান।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সারওয়ার হোসেন, বেতদিঘী ইউপি চেয়ারম্যান মান্নান হোসেন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে যাচাই-বাছাই করে ভিক্ষুকদের তালিকা প্রস্তুত করা হয়। তাঁদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় ১৪ জনকে তিনটি করে মোট ৪২টি ছাগল দেওয়া হয়েছে। পাশাপাশি আরও দুজনকে প্রয়োজনীয় মালামালসহ দুটি মুদি দোকান দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ভিক্ষাবৃত্তি থেকে মানুষকে বের করে এনে স্বাবলম্বী করা এবং তাঁদের জন্য আয়বর্ধক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ছাগল পালন ও মুদি দোকানের মাধ্যমে উপকারভোগীরা আয় করে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন বলে আশা করা হচ্ছে।

তাঁরা আরও জানান, পুনর্বাসিত ব্যক্তিদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা এবং তাঁদের পুনরায় ভিক্ষাবৃত্তিতে ফিরে যাওয়া ঠেকাতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।

শেয়ার: