কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের পূর্ব রামখানা গ্রাম থেকে নাসিমা বেগম (৪৫) নামে এক গৃহবধূ গত তিন মাস ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি। মায়ের ফেরার অপেক্ষায় দিন গুনছেন সন্তানরা। স্ত্রীকে ফিরে পেতে দিশাহারা স্বামী। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করলেও নিখোঁজ গৃহবধূর কোনো সন্ধান উদ্ধার করতে পারেনি।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে অটোরিকশায় বাড়ি থেকে বের হন নাসিমা বেগম। একই অটোরিকশায় তাঁর মেয়ে, পুত্রবধূ ও নাতি পাসপোর্ট করার জন্য কুড়িগ্রামে যাচ্ছিলেন। পথে আজমাতা ব্রিজপাড় এলাকায় টয়লেটে যাওয়ার কথা বলে অন্যদের অটোরিকশায় চলে যেতে বলেন নাসিমা। পরে তিনি রাস্তার পাশে তাঁর ননদ মায়া মনির বাড়িতে যান। সেখানে খাওয়া-দাওয়া শেষে তাঁকে আবার অটোরিকশায় তুলে দেওয়া হয়। সর্বশেষ আন্ধারীরঝাড় বাজার মোড়ে সিসিটিভি ফুটেজে তাঁকে অটোরিকশা থেকে নামতে দেখা যায়। এরপর থেকেই তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নাসিমা বেগম নিখোঁজ হওয়ার ৮-১০ দিন পর নাগেশ্বরীর রায়গঞ্জ বাজার এলাকার মিজানুর নামে এক ব্যক্তি পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এক ব্যক্তি নাসিমা বেগমকে হস্তান্তর করতে রাজি আছেন। তবে পরবর্তী সময়ে তিনি অবস্থান পরিবর্তন করে জানান, অন্য একটি মেয়ের সন্ধান পাওয়া গেছে, যিনি নাসিমা বেগম নন।
অন্যদিকে, পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় ইউনিয়নের চর ধাউরারকুটি গ্রামের ইউনুছ আলী নামে এক ব্যক্তি দাবি করেন, নিখোঁজের দুই দিন পর নাসিমা বেগমকে একটি বাড়িতে অচেতন অবস্থায় দেখেছিলেন তিনি। এ তথ্য পেয়ে নিখোঁজ নারীর ছেলে নাসিম মিয়া ওই বাড়িতে যাওয়ার আগেই তাঁকে সেখান থেকে সরিয়ে ফেলা হয়। এরপর সন্দেহভাজন ওই পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান বলে পরিবারের অভিযোগ।
নিখোঁজ নাসিমা বেগমের স্বামী নজরুল ইসলাম নজু জানান, ১৯৯৩ সাল থেকে ব্যবসার সূত্রে তিনি ভারতের দিল্লিতে যাতায়াত করতেন। ১৯৯৭ সালে দিল্লিতেই নাসিমা বেগমকে বিয়ে করেন। তাঁদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নাসিমা বেগমের বাবার বাড়ি দিল্লিতে হলেও তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসবাস করছিলেন। সম্প্রতি ভারতে বাঙালি বিতাড়ন ও নানা জটিলতার কারণে গত কোরবানির ঈদের ১০ দিন আগে দিল্লিতে থাকা তাঁদের যাবতীয় সম্পদ বিক্রি করে সপরিবারে স্থায়ীভাবে বাংলাদেশে ফিরে আসেন।
নিখোঁজ নাসিমা বেগমের ছেলে নাসিম মিয়া জানান, গত ১৮ আগস্ট তাঁর মা নিখোঁজ হওয়ার সময় তিনি জীবিকার প্রয়োজনে দিল্লিতে অবস্থান করছিলেন। মায়ের নিখোঁজ হওয়ার খবর পেয়ে ১২ দিন পর্যন্ত দিল্লিতে অপেক্ষা করেন। এ সময় দিল্লিতে থাকা মামা, খালাসহ বিভিন্ন আত্মীয়স্বজন ও পরিচিতজনের বাড়িতে খোঁজখবর নেন। কিন্তু কোনো সন্ধান না পেয়ে ৩০ আগস্ট বাংলাদেশে ফিরে আসেন। পরে ২০ সেপ্টেম্বর মিজানুরসহ ১০ জনের নাম উল্লেখ করে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ, মায়ের বাবার বাড়ি দিল্লিতে হওয়ায় পুলিশ বিষয়টিকে আশানুরূপ গুরুত্ব দিচ্ছে না।
স্বামী নজরুল ইসলাম নজু বলেন, পেটের দায়ে তিনি ভারতের দিল্লিতে গিয়ে ভাঙারির ব্যবসা করতেন। জমা করা ভাঙারি বিক্রি হয়ে গেলে স্ত্রীকে নিয়ে বাংলাদেশে ফিরে আসতেন। এখানে কিছুদিন থাকার পর অর্থসংকট দেখা দিলে আবার দিল্লিতে চলে যেতেন। এভাবে দীর্ঘদিন ভারত-বাংলাদেশ যাতায়াত ও ব্যবসা করেছেন তাঁরা। কিছুদিন আগে সপরিবারে দেশে ফিরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তাঁর স্ত্রী মাঝেমধ্যে নাগেশ্বরীতে গিয়ে বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেন। সেই মানুষটি এভাবে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় পুরো পরিবার দিশাহারা হয়ে পড়েছে। ছোট সন্তান মায়ের জন্য কান্নাকাটি করছে। স্ত্রীকে ফিরে পেতে প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।
স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মাহাবুবার রহমান সরকার জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও দফাদারসহ সবাই মিলে নিখোঁজ নারীকে খুঁজছেন। জনাকীর্ণ এলাকা থেকে একজন মানুষের এভাবে নিখোঁজ হয়ে যাওয়া এবং দীর্ঘ সময়েও তাঁর সন্ধান না পাওয়া অত্যন্ত আশ্চর্যজনক।
এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান জানান, এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এটি অপহরণ নাকি নিখোঁজের ঘটনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বাদী অপহরণ মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে। একজন আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তাঁর কাছ থেকে এখনো কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি। নিখোঁজ নারীকে উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
বর্তমানে দিশাহারা পরিবারটি প্রতিদিন দিল্লি ও বাংলাদেশের বিভিন্ন স্থানে থাকা আত্মীয়স্বজন ও পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করে নাসিমা বেগমের খোঁজ চালিয়ে যাচ্ছে। তাঁকে উদ্ধারে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে পরিবারটি।
