উত্তরের আলো

আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত রুয়েট উপাচার্য ও ছাত্রকল্যাণ পরিচালকসহ পাঁচ শিক্ষক

আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত রুয়েট উপাচার্য ও ছাত্রকল্যাণ পরিচালকসহ পাঁচ শিক্ষক

শেখ সিয়াম আব্দুল্লাহ,রুয়েট প্রতিনিধি:
প্রকৌশলীদের জাতীয় পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৬ সালের নির্বাচনে রাজশাহী কেন্দ্র থেকে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এবং ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। একই নির্বাচনে রাজশাহী কেন্দ্রের কাউন্সিল সদস্য পদে রুয়েটের আরও তিন শিক্ষক নির্বাচিত হয়েছেন। সব মিলিয়ে আইইবির নির্বাচনে রুয়েটের পাঁচ শিক্ষক বিজয়ী হয়েছেন।
আগামী ২০২৭-২০২৮ মেয়াদের জন্য গত ১২ নভেম্বর দেশব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশের ১৮টি কেন্দ্র ও ৩৫টি উপকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ করা হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। রাজশাহী কেন্দ্রের স্থানীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান স্বাক্ষরিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় কাউন্সিল সদস্যের দুটি পদের বিপরীতে রাজশাহী কেন্দ্র থেকে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক ও অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার নির্বাচিত হন। অন্য প্রার্থীদের মধ্যে ছিলেন রুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আকতার হোসেন এবং ওয়ান আইইবি প্যানেলের প্রার্থীরা।

স্থানীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, রাজশাহী কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৬৯৮ জন। তাঁদের মধ্যে ৪০৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বৈধ ভোটের সংখ্যা ৩৮৮টি। ভোটদানের হার ছিল ৫৭ দশমিক ৮৮ শতাংশ। এ কেন্দ্রে ভোট দেননি ২৯৪ জন ভোটার।

এদিকে, আইইবির রাজশাহী কেন্দ্রের কাউন্সিল সদস্য পদে নির্বাচিত হয়েছেন রুয়েটের আরও তিন শিক্ষক। তাঁরা হলেন—পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল, একই বিভাগের অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী এবং তড়িৎ ও তড়িৎকৌশল বিভাগের (ইইই) অধ্যাপক ড. মো. সামিউল হাবিব।

নির্বাচনে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে বিজয়ী অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক ও অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকারসহ রুয়েটের নির্বাচিত পাঁচ শিক্ষকই বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) সমর্থিত প্যানেলের প্রার্থী ছিলেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার ২০২৪-২০২৬ মেয়াদে আইইবির রাজশাহী কেন্দ্রের সম্মানী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রকৌশলীদের পেশাগত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন কার্যক্রমে তিনি সক্রিয় ভূমিকা রেখে আসছেন। পাশাপাশি প্রকৌশলী অধিকার আন্দোলন (ইঞ্জিনিয়ার্স রাইটস মুভমেন্ট—ইআরএম)-এর সঙ্গেও সম্পৃক্ত ছিলেন তিনি। প্রকৌশল খাতের বৈষম্য নিরসন ও প্রকৌশলীদের পেশাগত অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত এ আন্দোলনের প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

আইইবি নির্বাচন কমিশন ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের নির্বাচনে সারা দেশে মোট ভোটার ছিলেন ৩৪ হাজার ১৩১ জন। কেন্দ্রীয় পর্যায়ের ১৮২টি পদের বিপরীতে জমা পড়ে ৬৫৮টি মনোনয়নপত্র। আইইবির নিবন্ধিত ফেলো ও সদস্যরা এ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পান। ভোটগ্রহণে ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) শিটভিত্তিক ব্যালট পদ্ধতি ব্যবহার করা হয়। পাশাপাশি বিদেশে অবস্থানরত ও দূরবর্তী এলাকার যোগ্য সদস্যদের জন্য ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছিল।

একই দিনে আইইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটি, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, সাতটি প্রকৌশল বিভাগ, উইমেন ও ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার এবং স্থানীয় কেন্দ্র ও উপকেন্দ্রগুলোর কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের (ইআরসি) নির্বাচনও একই সঙ্গে সম্পন্ন হয়।

আইইবির সদর দপ্তরসহ দেশের ১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, বগুড়া, দিনাজপুর, ফরিদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, যশোর, আশুগঞ্জ, ঘোড়াশাল ও রাঙ্গাদিয়া। এ ছাড়া সাভার, টাঙ্গাইল, কুষ্টিয়া, নোয়াখালী, চাঁদপুর, হবিগঞ্জ ও মৌলভীবাজারসহ বিভিন্ন এলাকায় উপকেন্দ্র স্থাপন করা হয়। ঢাকায় ভোটগ্রহণের জন্য ৬০০টির বেশি পোলিং বুথ স্থাপন করা হয়েছিল।

নির্বাচনী তফসিল অনুযায়ী, কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান আগামী ১৯ নভেম্বর ২০২৬-এর মধ্যে সাধারণ সম্পাদকের কাছে চূড়ান্ত ফলাফল হস্তান্তর করবেন।

শেয়ার: