উত্তরের আলো

রুয়েট ও আইআইবিএ বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রুয়েট ও আইআইবিএ বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

শেখ সিয়াম আব্দুল্লাহ,রুয়েট প্রতিনিধি:রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সঙ্গে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব বিজনেস অ্যানালাইসিসের (আইআইবিএ) বাংলাদেশ চ্যাপ্টারের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর ফলে রুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের ব্যবসায় বিশ্লেষণ বিষয়ে দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, সার্টিফিকেশন প্রস্তুতি এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় রুয়েট উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে রুয়েটের পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, পরিচালক ড. মো. রবিউল ইসলাম সরকার, সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিক, ইসিই অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ এবং সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান।

আইআইবিএ বাংলাদেশ চ্যাপ্টারের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ শাহাদাত কবির, পেশাগত উন্নয়নবিষয়ক সহ-সভাপতি আজুবা খন্দকার, স্বেচ্ছাসেবাবিষয়ক সহ-সভাপতি মো. গোলাম গাউস সরকার এবং সদস্য মো. মাহবুব আলম।

সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠান ব্যবসায় বিশ্লেষণ বিষয়ে সচেতনতা, দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করবে। এ লক্ষ্যে সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ, সার্টিফিকেশন প্রস্তুতি সেশন, মেন্টরিং ও স্টাডি সার্কেল আয়োজন করা হবে।

এ ছাড়া আইআইবিএ বাংলাদেশের বিভিন্ন নেটওয়ার্কিং অনুষ্ঠান, সম্মেলন, কর্মশালা ও পেশাগত উন্নয়নমূলক আয়োজনে রুয়েটের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অংশ নেওয়ার সুযোগ পাবেন। পারস্পরিক সম্মতির ভিত্তিতে রুয়েট এসব আয়োজনে পৃষ্ঠপোষক বা সহ-আয়োজক হিসেবেও যুক্ত হতে পারবে।

চুক্তির আওতায় রুয়েটের ইন্টার্নশিপ, গবেষণা, পরামর্শকতা ও চাকরির সুযোগগুলো আইআইবিএ বাংলাদেশের সদস্যদের মধ্যে প্রচার করা যাবে। একইভাবে রুয়েটের প্রচলিত নিয়োগনীতি অনুসরণ করে যোগ্য আইআইবিএ সদস্যদের সংশ্লিষ্ট সুযোগে বিবেচনা করা যেতে পারে।

পাশাপাশি সামাজিক কল্যাণ, টেকসই উন্নয়ন ও কমিউনিটি উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগে দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করতে পারবে। ব্যবসায় বিশ্লেষণ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা ও উদ্ভাবনকে উৎসাহিত করতে বিভিন্ন সম্মেলন, সামিট, প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানেও রুয়েটের অংশগ্রহণের সুযোগ থাকবে।

আইআইবিএ বাংলাদেশ চ্যাপ্টার ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে ব্যবসায় বিশ্লেষণ চর্চার প্রসার, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে সংযোগ তৈরিতে কাজ করে আসছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই সমঝোতার মাধ্যমে রুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের ব্যবসায় বিশ্লেষণ বিষয়ে দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি গবেষণা, প্রশিক্ষণ এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে।

শেয়ার: