উত্তরের আলো

১১ দফা দাবিতে রুয়েট সিএসই বিভাগে ক্লাস-পরীক্ষা বর্জন,দ্বিতীয় দিনেও আন্দোলন চলমান

১১ দফা দাবিতে রুয়েট সিএসই বিভাগে ক্লাস-পরীক্ষা বর্জন,দ্বিতীয় দিনেও আন্দোলন চলমান

শেখ সিয়াম আব্দুল্লাহ,রুয়েট প্রতিনিধি:শিক্ষার্থীদের অধিকার ও স্বাভাবিক একাডেমিক পরিবেশ নিশ্চিতসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন করে শুরু করা আন্দোলন দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিভাগের ভবনে ২১ থেকে ২৫ সিরিজের শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেন। উত্থাপিত দাবিগুলো নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণ না করা এবং শিক্ষকদের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় রোববার (১৩ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, দাবি বাস্তবায়নের বিষয়ে কার্যকর সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো নিয়ে বিভাগের শিক্ষকদের একাংশের মধ্যে আলোচনা চলছে বলেও জানা গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্য, সম্প্রতি বিভাগের কিছু প্রশাসনিক সিদ্ধান্ত, একাডেমিক কার্যক্রমে অসামঞ্জস্য এবং শিক্ষার্থীদের যৌক্তিক মতামত উপেক্ষার প্রবণতা বিভাগের স্বাভাবিক একাডেমিক পরিবেশ ও শিক্ষার্থীদের মানসিক স্বস্তিকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে।

বিশেষ করে ২৫ সিরিজের শিক্ষার্থী মো. মেহরাব হোসাইনের আকস্মিক মৃত্যুর পর সহপাঠীদের মানসিক পরিস্থিতি বিবেচনা না করে পরীক্ষায় অংশগ্রহণে বাধ্য করার ঘটনাকে বর্তমান আন্দোলনের অন্যতম প্রধান প্রেক্ষাপট হিসেবে উল্লেখ করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ১১ দফা দাবির মধ্যে রয়েছে—জোরপূর্বক পরীক্ষায় অংশগ্রহণে বাধ্য করার ঘটনায় প্রশাসনের আনুষ্ঠানিক ব্যাখ্যা ও দুঃখপ্রকাশ, শিক্ষার্থীদের মতপ্রকাশ ও ব্যক্তি-স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন, সিটি, সেমিস্টার ও পরীক্ষার সময়সূচি নির্ধারণে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত মতবিনিময়ের ব্যবস্থা করা।

এ ছাড়া অসুস্থতাজনিত অনুপস্থিতি ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকে যথাযথভাবে বিবেচনা করা, ফলাফলে অবনতির কারণ বিশ্লেষণ এবং আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) পদ্ধতির যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার দাবিও রয়েছে।

পাশাপাশি প্রশ্নপত্রে পাঠদান করা বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করা এবং সম্পূর্ণ নাম-পরিচয় গোপন রেখে স্বচ্ছ শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা চালুর দাবিও জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।

আন্দোলন চলাকালে সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি ও প্রশ্ন তার কাছে তুলে ধরেন। বিভাগীয় প্রধান শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি দাবিগুলো পূরণের বিষয়ে মৌখিকভাবে আশ্বস্ত করেন।

তবে শিক্ষার্থীরা জানিয়েছেন,তারা কোনো ধরনের মৌখিক আশ্বাসে সন্তুষ্ট নন। প্রতিটি দাবির বিষয়ে কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্ত ও বাস্তবায়ন পরিকল্পনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষরসহ বিভাগীয় প্যাডে লিখিতভাবে রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার মধ্যে উপস্থাপনের দাবি জানিয়েছিলেন তারা।

শিক্ষার্থীরা আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলোর বিষয়ে লিখিত জবাব পাওয়া না গেলে পরবর্তী প্রয়োজনীয় ও যৌক্তিক কর্মসূচি গ্রহণ করা হবে।

শেয়ার: