মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদের একাংশের প্লাস্টার ধসে চিকিৎসকসহ চারজন আহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় জরুরি বিভাগে চিকিৎসাসেবা নিতে আসা প্রায় ১০ থেকে ১২ জন রোগী এবং চিকিৎসকের তিনজন সহযোগী উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৭০ বছরের পুরোনো ভবনটির ছাদের নিচের অংশে প্লাস্টিকের বোর্ড লাগানো ছিল। হঠাৎ ছাদের নিচের অংশের প্লাস্টার খুলে প্লাস্টিকের বোর্ডের ওপর পড়ে। পরে প্লাস্টারসহ প্লাস্টিকের বোর্ডটি জরুরি বিভাগের ভেতরে থাকা লোকজনের ওপর পড়ে। এতে জরুরি বিভাগের সহযোগী রফিকুল ইসলামসহ চারজন আহত হন।
আহতদের তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার সময় জরুরি বিভাগে থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাজেদুর রহমান বলেন, “এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। ছাদের প্লাস্টার ধসে পড়ে কয়েকজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি দিনাজপুরের সিভিল সার্জনকে অবহিত করা হয়েছে।”
সংশ্লিষ্টরা জানান, প্রায় ৭০ বছরের পুরোনো ভবনটির জরাজীর্ণ অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। দ্রুত ভবনটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
