উত্তরের আলো

২০২৭ সালে শুরু তিস্তা মহাপরিকল্পনার কাজ,ডিপিপিতে লাগবে ৯ মাস

২০২৭ সালে শুরু তিস্তা মহাপরিকল্পনার কাজ,ডিপিপিতে লাগবে ৯ মাস

স্টাফ রিপোর্টার:লালমনিরহাটে বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনার কাজ আগামী ২০২৭ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরিতে আরও আট থেকে নয় মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর নিষ্কাশন খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিস্তা মহাপরিকল্পনার অগ্রগতি তুলে ধরে ফরহাদ হোসেন আজাদ বলেন, তিস্তা ইস্যুতে প্রতিবেশী দেশের সঙ্গে কারিগরি পর্যায়ে আলোচনা হয়েছে। নদী বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কারিগরি কমিটি কাজ করছে। প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজও প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। অর্থমন্ত্রী দেশে ফিরে এলে এ বিষয়ে অনুমোদন পাওয়া যাবে বলে আশা করছেন তাঁরা।

প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস), জাতীয় নদী রক্ষা কমিশন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের পাশাপাশি চীন, নেদারল্যান্ডস ও মালয়েশিয়ার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, সব পক্ষের পরামর্শ ও মতামত সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ ডিপিপি তৈরি করা হবে। কোন পদ্ধতিতে কাজ করলে তিস্তা অববাহিকার মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন, তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এ কারণে পরিকল্পনাটি যথাযথভাবে প্রস্তুত করতে আরও আট থেকে নয় মাস সময় লাগবে।

পাঁচ জেলার প্রায় তিন কোটি মানুষ উপকৃত হওয়ার আশা

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী ও রংপুর—এই পাঁচ জেলার প্রায় তিন কোটি মানুষ এ মেগা প্রকল্পের সুফল পাবেন।

প্রকল্পটি বাস্তবায়িত হলে নদী ও নদীতীরবর্তী এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে।

তিস্তা নদীকে ঘিরে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কেন্দ্রে রয়েছে এ মহাপরিকল্পনা। নদীভাঙন, বন্যা, শুষ্ক মৌসুমে পানির সংকট এবং কৃষি ও জীবিকার অনিশ্চয়তা মোকাবিলায় পরিকল্পনাটি বাস্তবায়নের দাবি দীর্ঘদিনের। এ কারণে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই, ডিপিপি প্রণয়ন এবং বাস্তবায়নের সময়সূচি নিয়ে স্থানীয় মানুষের আগ্রহও ব্যাপক।

১৯ নভেম্বর উদ্বোধন হবে মহেন্দ্রনগর খাল

এদিকে লালমনিরহাটের মহেন্দ্রনগর নিষ্কাশন খালের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী খালটি উদ্বোধন করবেন। খালটি চালু হলে এলাকার কয়েক হাজার মানুষ সরাসরি সেচসুবিধা পাবেন। পাশাপাশি খালের দুই পাশে বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, খালটি চালু হলে এলাকার কৃষি ও পরিবেশের উন্নয়নের পাশাপাশি নতুন লালমনিরহাট গড়ে তোলার পথ উন্মুক্ত হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাসসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

শেয়ার: