শেখ সিয়াম আব্দুল্লাহ,রুয়েট প্রতিনিধি:রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দুই শিক্ষক জাপান সরকারের মর্যাদাপূর্ণ মেক্সট (MEXT) স্কলারশিপ অর্জন করেছেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষকরা হলেন রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক মো. আজমাইন ইয়াক্বীন সৃজন এবং সিরামিক অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএমই) বিভাগের সহকারী অধ্যাপক মো. মিন্টু আলী।
এই বৃত্তির আওতায় তাঁরা জাপানের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ অর্জন তাঁদের একাডেমিক ও গবেষণার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি ভবিষ্যতে রুয়েটের শিক্ষা ও গবেষণাক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করবে।
মেক্সট স্কলারশিপ জাপানের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের (MEXT) অধীনে পরিচালিত একটি সরকারি বৃত্তি কর্মসূচি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ দেওয়ার লক্ষ্যে এ বৃত্তি প্রদান করা হয়। এর আওতায় জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে অধ্যয়ন ও গবেষণার সুযোগ রয়েছে। বৃত্তি সাধারণত জাপানি দূতাবাসের সুপারিশ অথবা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সুপারিশের ভিত্তিতে দেওয়া হয়।
মেক্সট স্কলারশিপের আওতায় সাধারণত বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি মওকুফ, নির্ধারিত শর্ত অনুযায়ী জাপানে যাতায়াতের বিমানভাড়া এবং মাসিক ভাতা দেওয়া হয়। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, নিয়মিত মাস্টার্স পর্যায়ে মাসিক প্রায় ১ লাখ ৪৪ হাজার ইয়েন, ডক্টরাল পর্যায়ে প্রায় ১ লাখ ৪৫ হাজার ইয়েন এবং নন-ডিগ্রি গবেষণা শিক্ষার্থীদের জন্য প্রায় ১ লাখ ৪৩ হাজার ইয়েন ভাতা নির্ধারিত রয়েছে। বিশেষভাবে নির্ধারিত এলাকায় অধ্যয়ন বা গবেষণার ক্ষেত্রে অতিরিক্ত ভাতার ব্যবস্থাও রয়েছে। তবে জাপান সরকারের বার্ষিক বাজেট অনুযায়ী ভাতার পরিমাণ পরিবর্তিত হতে পারে।
রুয়েটে শিক্ষকতা পেশায় কয়েক বছরের অভিজ্ঞতার পর উচ্চশিক্ষা ও গবেষণার এই সুযোগ পেয়েছেন দুই শিক্ষক। মো. আজমাইন ইয়াক্বীন সৃজন ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সিএসই বিভাগে প্রভাষক হিসেবে রুয়েটে যোগ দেন। বর্তমানে তিনি একই বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, মো. মিন্টু আলী ২০১৭ সালের জুলাইয়ে সিএমই বিভাগে প্রভাষক হিসেবে রুয়েটে যোগ দেন। বর্তমানে তিনি একই বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
মেক্সট স্কলারশিপ অর্জনের পর নিজের প্রতিক্রিয়ায় আজমাইন ইয়াক্বীন সৃজন বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে নিজের জ্ঞান ও দক্ষতাকে আরও সমৃদ্ধ করে তা দেশের শিক্ষা, প্রযুক্তি ও মানুষের কল্যাণে কাজে লাগাতে চান। এ অর্জনের পেছনে পরিবার, শিক্ষক, সহকর্মী, বন্ধু, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা, উৎসাহ ও দোয়ার কথা উল্লেখ করে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৃত্তির আবেদন থেকে নির্বাচিত হওয়া পর্যন্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য অধ্যাপক ড. মো. আল মেহেদী হাসানের প্রতিও কৃতজ্ঞতা জানান আজমাইন। তিনি বলেন, জাপানে উচ্চশিক্ষা ও গবেষণার এই সুযোগকে যথাযথভাবে কাজে লাগিয়ে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে ব্যবহার করতে চান।
সংশ্লিষ্টরা আশা করছেন, মেক্সট স্কলারশিপের আওতায় জাপানের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ রুয়েটের দুই শিক্ষকের একাডেমিক দক্ষতা ও গবেষণার পরিধি আরও বিস্তৃত করবে। একই সঙ্গে জাপানে অর্জিত জ্ঞান, গবেষণার অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক একাডেমিক যোগাযোগ ভবিষ্যতে রুয়েটের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
দুই শিক্ষকের এ অর্জনে রুয়েটের শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা তাঁদের উচ্চশিক্ষা ও গবেষণার নতুন অধ্যায়ের সফলতা কামনা করেছেন।
উত্তরের আলো
জাপান সরকারের মর্যাদাপূর্ণ মেক্সট স্কলারশিপ পেলেন রুয়েটের দুই শিক্ষক
