উত্তরের আলো

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে রুয়েটের রাফিদ

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে রুয়েটের রাফিদ

শেখ সিয়াম আব্দুল্লাহ,রুয়েট প্রতিনিধি:মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার আর নেই। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত পাঁচ দিন ধরে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন রাফিদ। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে রাজশাহীর বিনোদপুর বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন রাফিদ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল হঠাৎ ইউটার্ন নেওয়ায় রাফিদ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। এ সময় তার মাথা সড়কের ডিভাইডারে সজোরে আঘাত করে।
দুর্ঘটনার পর সহপাঠী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর অপারেশন থিয়েটারে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
চিকিৎসকদের বরাত দিয়ে জানা যায়, দুর্ঘটনায় রাফিদের মস্তিষ্কে গুরুতর আঘাত ও রক্তক্ষরণ হয়। মস্তিষ্কের হাইপোথ্যালামাসে গুরুতর আঘাতের পাশাপাশি বাম অংশে রক্তক্ষরণ হয়েছিল। এতে তিনি গভীর কোমায় চলে যান।
পরদিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকারসহ বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে রাফিদের শারীরিক অবস্থার খোঁজ নেন। পরে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।
রুয়েট প্রশাসনের উদ্যোগে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। ওইদিন দুপুর সোয়া ১টার দিকে উন্নত চিকিৎসার জন্য রাফিদকে ঢাকায় নেওয়া হয়।
রাফিদের চিকিৎসার ব্যয় মেটাতে রুয়েট প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীরা ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহের উদ্যোগ নেন। শিক্ষক, সহপাঠী, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত প্রচেষ্টা এবং তার সুস্থতার জন্য অসংখ্য মানুষের প্রার্থনার পরও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
রাফিদ শাহরিয়ার রুয়েটের সিএসই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার শিক্ষার্থী আইডি ২১০৩০৯৫। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।
তার অকাল ও মর্মান্তিক মৃত্যুতে রুয়েট ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বিষাদ।
রুয়েট পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

শেয়ার: