শেখ সিয়াম আব্দুল্লাহ,রুয়েট প্রতিনিধি:রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সমাবর্তন আগামী ২০২৭ সালের জানুয়ারির শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের নেতৃত্বে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে সমাবর্তন আয়োজনের বিষয়ে প্রাথমিক সম্মতি পাওয়া যায়।
সৌজন্য সাক্ষাৎকালে রুয়েটের শিক্ষা কার্যক্রম, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন ও সামগ্রিক একাডেমিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন আয়োজন নিয়েও আলোচনা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির অনুমতিক্রমে আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহে সমাবর্তন আয়োজনের বিষয়ে প্রাথমিক সম্মতি পাওয়া গেলেও অনুষ্ঠানের চূড়ান্ত তারিখ রাষ্ট্রপতির সময়সূচির ওপর নির্ভর করে নির্ধারণ করা হবে। সমাবর্তনের বিস্তারিত কর্মসূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
সৌজন্য সাক্ষাতে রুয়েটের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসাইন, সিন্ডিকেট সদস্য, বিভিন্ন দপ্তরের পরিচালক, অনুষদের ডিন এবং সাবেক রুয়েট শিক্ষার্থী ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরাও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। একই সঙ্গে দেশের প্রযুক্তিগত ও অর্থনৈতিক উন্নয়নে এসব প্রতিষ্ঠানের অবদানের কথাও তুলে ধরেন তিনি।
এ ছাড়া রুয়েটের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টির সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
