ইখতিয়ার উদ্দিন আজাদ,নওগাঁ প্রতিনিধি: ২৪ জানুয়ারি ২০২৬ , ৬:০৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কেন্দ্রীয় বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ (পত্নীতলা–ধামইরহাট) আসনের বিএনপির এমপি প্রার্থী মো.সামসুজ্জোহা খান (জোহা) বলেছেন,“জামায়াতে ইসলামী একটি বাতিল শক্তি। তারা আলেম-ওলামা ও ইসলামের পক্ষে নয়। তারা আমাদের ঘাড়ে বন্দুক ঠেকিয়ে ক্ষমতায় যেতে চায়।”
শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১২টায় নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভাটি ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলেম-ওলামা, শিক্ষক ও ব্যবসায়ীদের সঙ্গে।
তিনি আরও বলেন,“জামায়াতকে রুখতে একমাত্র ওষুধ হলো আলেম-ওলামা। তাদের ঐক্যবদ্ধ প্রতিরোধই পারে এই অপশক্তিকে ঠেকাতে।”
এ সময় তিনি জামায়াতে ইসলামীকে রুখতে সবার সহযোগিতা কামনা করেন।
নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এজেড মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন—
নজিপুর বাসস্ট্যান্ড বণিক সমিতির সাধারণ সম্পাদক এম. আর. মোস্তফা,পত্নীতলা থানা মসজিদের ইমাম আনোয়ার হোসেন,নজিপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাহার আলী,শিক্ষক খালিদ হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।











