উত্তরের আলো

রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার

রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪৬ বোতল বিদেশি মদসহ মো. জাকির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে রৌমারী থানার এসআই শাহানুর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেপ্তার জাকির হোসেনের শয়নকক্ষ থেকে সাক্ষীদের উপস্থিতিতে বিভিন্ন ব্র্যান্ডের ১৪৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

জব্দ করা মদের মধ্যে রয়েছে ৬১ বোতল অফিসার্স চয়েস, ৩৫ বোতল ম্যাকডওয়েলস, ১৫ বোতল এসি ব্ল্যাক এবং ৩৫ বোতল অফিসার্স চয়েস ব্লু।

গ্রেপ্তার জাকির হোসেন রৌমারী উপজেলার চর ইটালুকান্দা গ্রামের মো. সবুর আলীর ছেলে।

এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎকেও বিপন্ন করে। মাদকের উৎস, সরবরাহপথ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার: