উত্তরের আলো

রৌমারীতে ট্রান্সফরমার পরিবর্তনে টাকা আদায়ের অভিযোগ

রৌমারীতে ট্রান্সফরমার পরিবর্তনে টাকা আদায়ের অভিযোগ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার সায়দাবাদ বাজারে ট্রান্সফরমার পরিবর্তনের জন্য গ্রাহকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। বাজারের প্রতিটি দোকান থেকে ১০০ টাকা করে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে টাকা আদায়ের বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সায়দাবাদ বাজারের বিভিন্ন দোকান থেকে ট্রান্সফরমার পরিবর্তনের জন্য দোকানপ্রতি ১০০ টাকা করে সংগ্রহ করা হয়েছে। সাইদুর রাইস মিলের এক গ্রাহকের মাধ্যমে এসব টাকা সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, ট্রান্সফরমার পরিবর্তনের জন্য লাইনম্যান সুজন ও ইয়াসিনের বিরুদ্ধে ৬ হাজার টাকা দাবি করার অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে লাইনম্যান সুজন ও ইয়াসিন জানান, ট্রান্সফরমার পরিবহন ও শ্রমিকের খরচের জন্য টাকা তুলতে বলা হয়েছিল। তাঁদের দাবি, ওই খরচ মেটাতেই গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়েছে।

অন্যদিকে, রৌমারী জোনাল অফিসের ডিজিএমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ট্রান্সফরমার পরিবর্তনের জন্য গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। এ কাজে গ্রাহকদের কোনো টাকা লাগে না বলেও তিনি উল্লেখ করেন।

এ অবস্থায় ট্রান্সফরমার পরিবর্তনে গ্রাহকদের টাকা দেওয়ার নিয়ম না থাকলেও পরিবহন ও শ্রমিকের খরচের কথা বলে কেন টাকা সংগ্রহ করা হয়েছে, তা নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে টাকা সংগ্রহের বিষয়টি পরিষ্কার করা এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শেয়ার: