রাজনীতি

মাদারগঞ্জে এবি পার্টি ছেড়ে জামায়াতে যোগ দিলেন এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন

  জাহিদুর রহমান উজ্জ্বল, মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা: ১৯ জানুয়ারি ২০২৬ , ৯:২৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা:
জামালপুর-৩ (মাদারগঞ্জ–মেলান্দহ) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী ও জামালপুর জেলা এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিপসন মিয়া আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তিনি একই সঙ্গে মাদারগঞ্জ উপজেলা এবি পার্টির আহ্বায়ক ছিলেন।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দলটিতে যোগ দেন। এ সময় উপজেলা ও পৌর জামায়াতের নেতারা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরল আমিন, সেক্রেটারি ফরহাদ হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সাদিউর রহমান সাদি, সাবেক আমির শাহীন আক্তার পিটার খান, পৌর জামায়াতের আমির আতিকুর রহমান সেলিম, সেক্রেটারি শরিফুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য আব্দুল আজিজ জামালী, বায়তুল মাল সম্পাদক রহমতুল্লাহ্ এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রমজান আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।
যোগদান প্রসঙ্গে ইঞ্জিনিয়ার লিপসন মিয়া বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা থেকেই আমি আনুষ্ঠানিকভাবে সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। আমি বিশ্বাস করি, ইসলামী জীবনব্যবস্থা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সর্বোত্তম পথ।”
তিনি আরও বলেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।