রাজনীতি

ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে কুড়িগ্রামে উঠান বৈঠক

  আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম: ১৯ জানুয়ারি ২০২৬ , ৯:১৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট-২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নের চরসিতাইঝাড় নুরানি ও হাফেজিয়া মাদ্রাসায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে আয়োজিত এ বৈঠকে সদর উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, কুড়িগ্রাম সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, সহকারী কমিশনার আরিফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা সালমা আক্তার, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এন শরিফুল ইসলাম খন্দকার এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন।
উঠান বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণে ভোটারদের উদ্বুদ্ধ করার পাশাপাশি স্বাস্থ্য, কৃষি, প্রাণিসম্পদ ও শিক্ষাসেবার মানোন্নয়নে পরামর্শমূলক আলোচনা ও সেবা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “দেশের উন্নয়নের জন্য এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ভবিষ্যৎ গড়ার চাবি আপনাদের হাতে।” তিনি চরাঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনাও দেন।