উত্তরের আলো

ফুলবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

ফুলবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

ছবি:সংগৃহিত
মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দ্বীপ সাহা (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার ২ নম্বর আলাদীপুর ইউনিয়নের বারাই বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দ্বীপ সাহা ফুলবাড়ী উপজেলার পশ্চিম কাটাবাড়ি গ্রামের দ্বিলিপ সাহার ছেলে। তিনি মোটরসাইকেলযোগে দিনাজপুর থেকে নিজ বাড়ি ফুলবাড়ীতে ফিরছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বীপ সাহা বারাই বাজার এলাকায় পৌঁছালে সড়কের পাশে ফুলবাড়ীমুখী হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেন। ট্রাকটি অন্ধকারে পার্কিং লাইট ছাড়াই দাঁড়িয়ে ছিল বলে জানা গেছে। ট্রাকটির গায়ে বিআরটিসির লোগো ছিল।

ধাক্কায় দ্বীপ সাহা মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় জড়িত ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ট-২২-৯০৮০ বলে জানিয়েছে পুলিশ।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম জানান,দুর্ঘটনাস্থল থেকে নিহতের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা দায়ের করা হবে।

শেয়ার: