উত্তরের আলো

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল, তিন জেলায় নতুন এসপি

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল, তিন জেলায় নতুন এসপি

নিজস্ব প্রতিবেদক:দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার (এসপি)সহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার তিনজন, পুলিশ সুপার পদমর্যাদার নয়জন এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার পাঁচজন কর্মকর্তা রয়েছেন।

রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার তিনটি এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের দুটি পৃথক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জের এসপি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসপি ফজলে এলাহীকে মাদারীপুরের এসপি এবং ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানকে পিরোজপুরের এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, পিরোজপুরের বর্তমান এসপি মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)–এর বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া পুলিশ স্টাফ কলেজের এসপি শামীমা ইয়াসমিনকে ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং কলেজে (টিডিএস), ডিএমপির ডিসি মো. জসীম উদ্দিনকে নোয়াখালীর পুলিশ ট্রেনিং স্কুলে (পিটিসি) এবং ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এসপি রশিদা বেগমকে পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীকে ট্যুরিস্ট পুলিশে এবং চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।

ডিএমপিতেও একাধিক রদবদল

ডিএমপি সদর দপ্তরের পৃথক প্রজ্ঞাপনে একাধিক কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। ডিএমপির ডিসি মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে, ট্রাফিক ওয়ারী বিভাগের ডিসি আজাদ রহমানকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে এবং সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিসি মোহাম্মদ নূরে আলমকে ট্রাফিক ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।

এ ছাড়া ডিএমপির গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সোনাহর আলীকে ডিবি গুলশান বিভাগে এবং ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের এডিসি মো. সাজ্জাদ হোসেনকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট অঞ্চলে বদলি করা হয়েছে।

ক্যান্টনমেন্ট অঞ্চলের এডিসি মোহাম্মদ আবির হাসানকে ডিএমপি কমিশনারের স্টাফ অফিসার করা হয়েছে। একই সঙ্গে ডিবি রমনা বিভাগের এডিসি জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম পূর্ব বিভাগে এবং পিওএম পূর্ব বিভাগের এডিসি নজরুল ইসলামকে ডিবি রমনা বিভাগে বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি সদর দপ্তরের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব পরিবর্তন আনা হয়েছে।

শেয়ার: