সারাদেশ

রোববার থেকে আবারও কালবৈশাখীর শঙ্কা,হাওরে বন্যার আশঙ্কা

  অনলাইন ডেস্ক : ২৪ এপ্রিল ২০২৬ , ৯:৪০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

ছবি:সংগৃহিত
আগামী রোববার (২৬ এপ্রিল) থেকে দেশে আবারও কালবৈশাখী ঝড় শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। একই সময়ে হাওর অঞ্চলে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে বলে জানিয়েছেন মোস্তফা কামাল পলাশ, কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়-এর আবহাওয়া ও জলবায়ু গবেষক।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, রোববার (২৬ এপ্রিল) রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। ২৭ এপ্রিল সিলেট, ময়মনসিংহ, রংপুর, ঢাকা ও রাজশাহী বিভাগে ঝড়ের বিস্তার ঘটতে পারে। ২৮ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের অধিকাংশ অঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এ ছাড়া সিলেট বিভাগের হাওর অঞ্চল নিয়ে সতর্ক করে তিনি জানান, ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত সুনামগঞ্জ ও সিলেট জেলায় প্রায় প্রতিদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে পাহাড়ি ঢল নেমে নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং হাওর অঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হতে পারে।