অপরাধ

রৌমারীতে হাসপাতালের নাম ভাঙিয়ে প্রতারণা, জনতার হাতে আটক ২

  রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১৬ জুলাই ২০২৬ , ৫:৩৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

কুড়িগ্রামের রৌমারী উপজেলার একটি বেসরকারি হাসপাতালের নাম ব্যবহার করে স্বল্প খরচে চিকিৎসাসেবা দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে দুই প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের রৌমারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাগমারা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক দুই ব্যক্তি নিজেদের মোহাম্মদদিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার-এর প্রতিনিধি পরিচয় দিয়ে বাড়ি বাড়ি গিয়ে কম টাকায় উন্নত চিকিৎসাসেবা দেওয়ার আশ্বাস দেন। এ সময় তারা কয়েকটি পরিবারের কাছ থেকে জনপ্রতি ৩০০ টাকা করে আদায় করেন।
তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, ওই দুই ব্যক্তির সঙ্গে হাসপাতালের কোনো ধরনের সম্পর্ক নেই। পরে স্থানীয়রা তাদের আটক করে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন।
আটক ব্যক্তিরা হলেন রংপুর জেলার খেজমত আলীর ছেলে তূর্য আহমেদ এবং জামালপুর জেলার শাহিন আলম।
খবর পেয়ে মোহাম্মদদিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, আটক ব্যক্তিদের সঙ্গে হাসপাতালের কোনো সম্পর্ক নেই। হাসপাতালের নাম ব্যবহার করে অর্থ সংগ্রহ বা কোনো ধরনের কার্যক্রম পরিচালনার জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। এ ধরনের প্রতারণার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ আটক দুই ব্যক্তিকে রৌমারী থানা পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ জানায়, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।