উত্তরের আলো

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোনো কলঙ্কের দায় নেবে না

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোনো কলঙ্কের দায় নেবে না

কুড়িগ্রাম প্রতিনিধি:স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং আগামী ৬ জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম সফরকালে কুড়িগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোনো কলঙ্কের দায় নেবে না। যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তারা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারেন। জনগণের ভোটে নির্বাচিত বিএনপি জনগণের সরকার।”

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

মীর শাহে আলম বলেন, “আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে—নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যা যা করার প্রয়োজন, আমরা তা করব। একই সঙ্গে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করা হবে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহমুদুল হক চৌধুরী ডন, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক মমিনুল, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্যসচিব ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. ইউনুস আলী এবং সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান, সদস্যসচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, যুবদল নেতা নাসিম পারভেজ তারা, নাদিম আহমেদ, এটিএম নজিবর রহমান লেলিন, মাসুদ রানা বাবু, হাসান যুবায়ের হিমেল, আমিনুল এহসান, ছাত্রদল সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা খাতুন মিলিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেয়ার: