রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১৬ জুন ২০২৬ , ৫:১৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে দুই শিশু সন্তানসহ এক পরিবার টানা ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে শূন্যরেখায় অবস্থান করছে। বিএসএফের পুশইন চেষ্টার পর বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। অন্যদিকে ভারতও তাদের ফিরিয়ে নেয়নি। ফলে বাংলাদেশ ও ভারতের মাঝখানে অনিশ্চয়তার মধ্যে মানবেতর জীবনযাপন করছেন সুমি আক্তার ও বেলাল হোসেন দম্পতি।
প্রচণ্ড গরম, বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যে খোলা আকাশের নিচে অবস্থানরত পরিবারটির দুই শিশুসন্তান অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছেন তাদের মা সুমি আক্তার। সন্তানদের জীবন রক্ষায় দ্রুত সমাধানের জন্য দুই দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বিজিবি জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী এভাবে কাউকে সীমান্ত অতিক্রম করিয়ে ঠেলে দেওয়া যায় না। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক কি না, তা যাচাই-বাছাই চলছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা আটকে পড়া পরিবারটির জন্য খাবার ও পানির ব্যবস্থা করে মানবিক সহায়তা অব্যাহত রেখেছেন। তবে দুই দেশের সিদ্ধান্তহীনতায় পরিবারটির অনিশ্চয়তা কাটছে না।











