স্টাফ রিপোর্টার: ৭ মে ২০২৬ , ৪:২৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
তিন দফা মেয়াদ বাড়িয়েও এখনো শেষ হয়নি কুড়িগ্রামের চিলমারী-হরিপুর পিসি গার্ডার সেতুর সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ। দীর্ঘসূত্রতা ও টানা বৃষ্টিতে সদ্য নির্মাণাধীন সড়কের দুই পাশে ছোট-বড় মিলিয়ে প্রায় ৮৮টি গর্তের সৃষ্টি হয়েছে। এতে গুরুত্বপূর্ণ এ সড়কে চলাচল চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ধীরগতির কাজ ও তদারকির অভাবেই দুর্ভোগ বাড়ছে দিন দিন।
এলজিইডি সূত্রে জানা যায়, ২০২৩ সালের আগস্টে উপজেলা হেডকোয়ার্টার সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু প্রকল্পের আওতায় উপজেলা হেডকোয়ার্টার থেকে পাঁচপীর জিসি সড়ক পর্যন্ত ৫ দশমিক ২৩ কিলোমিটার সড়ক উন্নয়নের কাজ শুরু হয়। প্রকল্পটির চুক্তিমূল্য ধরা হয় ১০ কোটি ৩৩ লাখ ২ হাজার ৮৩২ টাকা। তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও এখন পর্যন্ত মাত্র ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
গত কয়েকদিনের টানা বর্ষণে সড়কের দুই পাশের মাটি ধসে পড়ে সৃষ্টি হয়েছে প্রায় ৮৮টি ছোট-বড় গর্ত। কোথাও কোথাও গর্তে পানি জমে থাকায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চালকদের দুর্ভোগ সবচেয়ে বেশি। রাতের বেলায় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
স্থানীয় বাসিন্দা আতাউর রহমান বলেন, “সেতু নির্মাণ হলেও সংযোগ সড়কের কারণে আমরা এর সুফল পাচ্ছি না। সামান্য বৃষ্টিতেই রাস্তার বিভিন্ন স্থানে পানি জমে যায়। তিনবার সময় বাড়ানোর পরও কাজ শেষ না হওয়ায় আমরা হতাশ।”
আরেক বাসিন্দা ফয়সাল আহমেদ বলেন, “কয়েকদিন আগে এক ব্যক্তি সাইকেলসহ গর্তে পড়ে আহত হয়েছেন। সড়কে এত বেশি গর্ত যে স্বাভাবিকভাবে চলাচল করাই কঠিন হয়ে পড়েছে।”
এ বিষয়ে চিলমারী উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী বলেন, “প্রকল্পের কাজ চলমান রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করার জন্য চিঠি দিয়ে তাগাদা দেওয়া হয়েছে।”





