আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম: ২ মে ২০২৬ , ১:৩৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামে সাম্প্রতিক রাজনৈতিক মতবিরোধ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রেক্ষাপটে জেলা বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা এক বৈঠকে মিলিত হয়েছেন। শুক্রবার রাতে জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে রাজনৈতিক সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধা ও শিষ্টাচার বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়াকোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব উপস্থিত ছিলেন। এছাড়া মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিনও উপস্থিত ছিলেন।
জেলা জামায়াতের পক্ষ থেকে অংশ নেন জেলা আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার, সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, মাওলানা আব্দুল হামিদ মিয়া, জেলা কর্মপরিষদ সদস্য জহুরুল ইসলাম, সদর উপজেলা আমির শামসুল হুদা মিঠু এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও শহর সেক্রেটারি অ্যাডভোকেট সরদার তাজুল ইসলাম।
বৈঠক সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে বিএনপি ও জামায়াত-শিবিরের নাম ব্যবহার করে নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডকে কেন্দ্র করে জেলার কয়েকটি উপজেলায় উত্তেজনা ও মতবিরোধের ঘটনাও ঘটেছে।
বৈঠকে নেতারা বলেন, অতীতে বিভিন্ন আন্দোলনে বিএনপি ও জামায়াতের মধ্যে যে সমন্বয় ও সহযোগিতা ছিল, তা ভবিষ্যতেও বজায় রাখতে হবে। তারা অভিযোগ করেন, একটি মহল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়িয়ে দুই দলের মধ্যে দূরত্ব তৈরি করতে চায়।
নেতারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার বিষয়ে নেতাকর্মীদের সচেতন থাকতে হবে।
বৈঠকে সিদ্ধান্ত হয়, ভবিষ্যতে যেকোনো ধরনের বিভ্রান্তি বা সংঘাত এড়াতে দুই দলের স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হবে। পাশাপাশি অপপ্রচার রোধে সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে নেতারা বলেন, “রাজনৈতিক ভিন্নতা থাকলেও ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধা ও শিষ্টাচার বজায় রেখে আমরা জেলার শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ ধরে রাখতে চাই।”











