চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১ মে ২০২৬ , ৮:২১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারীতে চাঞ্চল্যকর ২ বছরের শিশু আয়েশা আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, চিলমারী উপজেলার মাচাবান্ধা সাহাপাড়া এলাকার মো. আলমগীর হোসেনের শিশু কন্যা আয়েশা আক্তার আশুরা গত ১৭ এপ্রিল সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পাশের একটি পরিত্যক্ত জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে নিহতের পিতা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে চিলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই কুড়িগ্রাম জেলা পুলিশ তদন্তে নামে। পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলমের তত্ত্বাবধানে চিলমারী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ দল গত ৩০ এপ্রিল অভিযান চালিয়ে কহিনুর বেগম (২৬) ও তার স্বামী রাশেদুল ইসলাম আপেল (৩০)-কে গ্রেফতার করে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তদন্তে উঠে আসে, পাশের বাসায় খেলতে গিয়ে আয়েশা কহিনুর বেগমের ছেলের সঙ্গে খেলাধুলার সময় কলমের আঘাতে চোখে গুরুতর আঘাত পায় এবং রক্তক্ষরণ শুরু হয়। বিষয়টি চাপা দিতে কহিনুর বেগম শিশুটির মুখ চেপে ধরলে সে অচেতন হয়ে পড়ে এবং একপর্যায়ে মারা যায়। পরে মরদেহটি একটি প্লাস্টিকের ড্রামে লুকিয়ে রাখা হয় এবং রাতের অন্ধকারে পাশের জমিতে ফেলে দেওয়া হয়।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হলে কহিনুর বেগম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ জানায়, এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।











