আজ মহান মে দিবস। শ্রমিকদের অধিকার আদায়ের একটি ঐতিহাসিক দিন। সারা দেশের মতো কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছেন জেলার শ্রমিকরা।
শুক্রবার সকাল থেকেই বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ ব্যানার নিয়ে মিছিল সহকারে কলেজ মোড় বিজয় স্তম্ভ চত্বরে সমবেত হন।
পরে সকল শ্রমিক ও সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মহান মে দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বি.এম. কুদরত-ই-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি শফি খানসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসনের উপস্থিতিতে বাস, ট্রাক, হোটেল, ইমারত ও নির্মাণ, অটোরিকশা, বিদ্যুৎ এবং কুলি শ্রমিকসহ বিভিন্ন শ্রমিক সংগঠন একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হোটেল শ্রমিক সংগঠনের সভাপতি ফজলু মিয়া বলেন, “আমাদের শ্রমিকদের ন্যায্য বেতন, বোনাস এবং নির্দিষ্ট কর্মঘণ্টা নিশ্চিত করতে হবে।”
উত্তরের আলো
কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত
