ইরিন জামান খান প্রান্তি,রাবি প্রতিনিধি: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:৩৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন হিসেবে গণ ইফতার মাহফিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। শনিবার (২৮ ফেব্রুয়ারি), ১০ রমজান বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও শহীদ মিনার প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ডুবন্ত সূর্যের গোধূলি লগ্নে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ ও শহীদ মিনার চত্বর শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়। কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা এক কাতারে বসে ইফতারে অংশ নেন। এতে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্মানের এক অনন্য চিত্র ফুটে ওঠে।
সকাল থেকেই আয়োজন ঘিরে প্রস্তুতি শুরু হয়। শহীদ মিনার প্রাঙ্গণে প্যান্ডেল স্থাপন, খাবার প্রস্তুত ও বিতরণের ব্যবস্থা সম্পন্ন করা হয়। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়—শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখা, ছাত্রীদের নির্ধারিত প্যান্ডেলে বসা, কেন্দ্রীয় মসজিদের পূর্ব গেট দিয়ে ছাত্র এবং পশ্চিম গেট দিয়ে অতিথি ও শিক্ষকদের প্রবেশ, সারিবদ্ধভাবে ইফতার গ্রহণ এবং ইফতার শেষ না হওয়া পর্যন্ত স্থান ত্যাগ না করা। পাশাপাশি মসজিদ চত্বর ও শহীদ মিনার এলাকায় যানবাহন পার্কিংয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিকেল ৪টার পর থেকেই শিক্ষার্থীদের আগমন শুরু হয়। প্রায় ১৬ হাজারের অধিক শিক্ষার্থীর অংশগ্রহণে পুরো ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে ওঠে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।
উর্দু বিভাগের শিক্ষার্থী মণিজা আক্তার বলেন, “রমজানে ক্লাসের ব্যস্ততার মাঝেও এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করি।”
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফারিহা তাহসিন রাইসা বলেন, “এত শিক্ষার্থীর অংশগ্রহণে পারস্পরিক পরিচিতি ও সৌহার্দ্য বিনিময়ের এক সুন্দর পরিবেশ তৈরি হয়েছে।”
আরবি বিভাগের শিক্ষার্থী মো. মাসুম হোসেন বলেন, “খাবারের মান ভালো ছিল এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সুন্দরভাবে আয়োজন সম্পন্ন হয়েছে।”
শিক্ষার্থীরা বলছেন, এমন গণ ইফতার আয়োজন বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রশংসনীয় উদ্যোগ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।











