ইরিন জামান খান প্রান্তি,রাবি প্রতিনিধি: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:২৭ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
“এসো যুক্তির আলাপনায় আঁকি প্রগতির মহাকাল”—এই স্লোগানকে ধারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী প্রাচীন বিতর্ক সংগঠন গোল্ড বাংলাদেশ-এর বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ১২৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভার শেষ পর্যায়ে ২০২৫–২৬ কার্যবর্ষের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন ক্লাবের উপদেষ্টা প্রফেসর ড. রবিউল ইসলাম ও মডারেটর রাদিয়া আউয়াল তৃষা।
নবঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের সৈকত হাসান ইমন। সাধারণ সম্পাদক (বিতর্ক) হিসেবে লোকপ্রশাসন বিভাগের অনুপ বৈদ্য এবং সাধারণ সম্পাদক (প্রশাসন) হিসেবে দর্শন বিভাগের আবু নাঈম নির্বাচিত হয়েছেন।
শুভেচ্ছা বক্তব্যে নবনির্বাচিত সভাপতি বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রাচীন বিতর্ক সংগঠন গোল্ড বাংলাদেশের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখা এবং সর্বোচ্চ সাফল্য অর্জনে আমরা সম্মিলিতভাবে কাজ করব।”
সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম (কনক) ও সাবেক কৃতি বিতার্কিকবৃন্দ। তারা নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং সংগঠনকে নৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিতর্কচর্চার মাধ্যমে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
সভা শেষে উপস্থিত সদস্যদের জন্য ইফতারের আয়োজন করা হয়।











