স্টাফ রিপোর্টার: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৪:৫৯ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহ. রাশেদুল ইসলাম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘কৃষক কার্ড’ কার্যক্রমসহ সরকারের বিভিন্ন কৃষিবান্ধব উদ্যোগ নিয়ে আলোচনা হয়। উপাচার্য বলেন, কৃষক কার্ডের মাধ্যমে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা সহজে ভর্তুকি, প্রণোদনা ও আর্থিক সহায়তা পেতে পারবেন। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকের জীবনমান উন্নত হবে।
আলোচনায় দেশের কৃষি খাতের টেকসই উন্নয়ন, গবেষণা সম্প্রসারণ, প্রযুক্তি উদ্ভাবন এবং কৃষক কল্যাণমূলক কর্মসূচি জোরদারের বিষয় গুরুত্ব পায়। বিশেষ করে উত্তরবঙ্গের চরাঞ্চলের কৃষি উন্নয়ন নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
কৃষিমন্ত্রী বলেন, নদীভাঙন, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ চরাঞ্চলে টেকসই অর্গানিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গবেষণাভিত্তিক কার্যক্রম গ্রহণ জরুরি। তিনি লবণাক্ততা ও জলাবদ্ধতা সহনশীল ফসলের নতুন জাত উদ্ভাবন, আধুনিক চাষাবাদ পদ্ধতির সম্প্রসারণ, কৃষি যান্ত্রিকীকরণ এবং কৃষকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম জোরদারে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
উপাচার্য এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম এগিয়ে নেওয়ার আশ্বাস দেন।











