রাজনীতি

উন্নয়ন ও জনকল্যাণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই: আখতার হোসেন

  কাউনিয়া( রংপুর)প্রতিনিধি: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:১২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, কোনো দলাদলি নয়, উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। উন্নয়ন ও জনকল্যাণের ক্ষেত্রে কোনো বিভাজন নেই। তিনি জানান, কাউনিয়া ও পীরগাছার জনগণের প্রত্যক্ষ সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাই দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চান।
নিজেকে বিরোধী দলের সংসদ সদস্য উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব পালনে নানা চ্যালেঞ্জ থাকলেও জনগণের সহযোগিতা থাকলে সেসব বাধা অতিক্রম করা সম্ভব। সমন্বিত উদ্যোগ তার অঙ্গীকার।
মন্ত্রী আরও বলেন, গ্রামের সাধারণ মানুষ সরকারি অফিসে এসে অনেক সময় ভীতি বা সংকোচে ভোগেন। নিয়ম-কানুন সম্পর্কে অজ্ঞতার কারণে তারা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন। তাই কর্মকর্তাদের আরও সহিষ্ণু ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। জনগণের সেবা প্রদানই সরকারি চাকরির মূল উদ্দেশ্য।
তিনি সরকারি দপ্তরগুলোতে “আগে আসা আগে সেবা” নীতিতে কাজ করার এবং জরুরি বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন।
সভায় তিনি জুলাই আন্দোলনে আহত ও শহিদ পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তাদের মাঝে রমজান উপলক্ষে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এছাড়া, সংসদ সদস্য আখতার হোসেন উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করেন এবং কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে গণ ইফতার পাটিতে যোগ দেন।