উত্তরের আলো

রাবি,রুয়েট ও পাবিপ্রবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাবি,রুয়েট ও পাবিপ্রবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নবম গ্রেডে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ, দশম গ্রেড সবার জন্য উন্মুক্তকরণ এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে যেন না পারে সেই দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

তাদের দাবিগুলো হলো— নবম গ্রেডে কোনো কোটা ছাড়াই শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে, দশম গ্রেডের নিয়োগ সবার জন্য উন্মুক্ত করতে হবে এবং সেখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদন করতে দিতে হবে। পাশাপাশি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না। আর ডিপ্লোমাধারীদের জন্য ‘টেকনিশিয়ান’ পদবি নির্ধারণ করতে হবে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ডিপ্লোমাধারী সিন্ডিকেট রাজনৈতিক প্রভাব ও সহিংস আন্দোলনের মাধ্যমে প্রকৌশল ব্যবস্থাকে জিম্মি করে রেখেছে। এতে শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ মেধাবী বিএসসি ইঞ্জিনিয়াররা চরমভাবে বঞ্চিত হচ্ছেন।

বিক্ষোভ-পরবর্তী সমাবেশে রুয়েটের ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক অধ্যাপক রবিউল ইসলাম সরকার বলেন, “দশম গ্রেডকে উন্মুক্ত করে নবম গ্রেডে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। প্রমোশনাল মাধ্যমে নবম গ্রেডে আসা অন্যায়। এতে ইঞ্জিনিয়ারিং সেক্টর মেধাশূন্য হয়ে যাচ্ছে এবং প্রকৃত শিক্ষার্থীদের অধিকার হরণ হচ্ছে।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “শিক্ষার্থীরা আজ ন্যায্য দাবিতে রাজপথে নেমেছে। আমরা চাই তারা দ্রুত শ্রেণিকক্ষে ফিরে যাক। তবে এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।”

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিমন শেখ বলেন, “নবম গ্রেডে পদোন্নতির মাধ্যমে উত্তীর্ণ হওয়া যাবে না। পরীক্ষার মাধ্যমেই নিয়োগ হতে হবে। দশম গ্রেড সবার জন্য উন্মুক্ত করতে হবে এবং বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না।”

এ সময় রুয়েট, রাবি ও পাবিপ্রবির প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শেয়ার: