বিবিধ

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত বড়াইবাড়ী দিবস

  কুড়িগ্রাম প্রতিনিধি: ১৮ এপ্রিল ২০২৬ , ৭:৪৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামে ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস পালিত হয়েছে।
শনিবার(১৮ এপ্রিল)সকালে জেলার রৌমারী উপজেলার বড়াইবাড়ী বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় বড়াইবাড়ী যুদ্ধে শহীদ তৎকালীন তিন বিডিআর সদস্যের স্মৃতিতে নির্মিত স্মৃতিফলকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এ সময় বিএনপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
পরে স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বড়াইবাড়ী দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানান। পাশাপাশি শহীদদের স্মরণে স্থায়ী স্মৃতিফলক নির্মাণেরও আহ্বান জানান তারা।
উল্লেখ্য, ২০০১ সালের ১৮ এপ্রিল কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তে তৎকালীন বাংলাদেশ রাইফেলস(বিডিআর),গ্রামবাসী এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)-এর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
সেদিন ভোররাতে বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বড়াইবাড়ী গ্রামে অতর্কিত হামলা চালায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শুরু হয় ধ্বংসযজ্ঞ। এ সময় বিডিআর সদস্য ও স্থানীয় গ্রামবাসীরা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলেন। তাদের প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ।
এই সংঘর্ষে ৩৩ রাইফেল ব্যাটালিয়নের ল্যান্স নায়েক ওহিদুজ্জামান, সিপাহী মাহফুজার রহমান এবং ২৬ রাইফেলস ব্যাটালিয়নের সিপাহী আব্দুল কাদের শহীদ হন। অপরদিকে বিএসএফের ১৬ সদস্য নিহত হয়।
বড়াইবাড়ী দিবস তাই আজও সীমান্ত রক্ষার এক গৌরবোজ্জ্বল ইতিহাস ও বীরত্বের স্মারক হিসেবে স্মরণীয় হয়ে আছে।