মাওলানা মামুনুল হকসহ আলেম-ওলামাদের মুক্তির দাবিতে ঢাকায় ২৯ ডিসেম্বর মহাসমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে মিছিলপূর্ব বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা করেন দলটির মহাসচিব সাজিদুর রহমান।
তিনি বলেন, অতি অল্প সময়ের মধ্যে মামুনুল হকসহ সকল আলেম-ওলামাদের মুক্তি দিতে হবে। অন্যথায় ২৯ ডিসেম্বর (শুক্রবার) সারাদেশ থেকে জনগণ জড়ো হয়ে মহাসমাবেশ করবে।
মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তি, হেফাজতের নামে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার ও শিক্ষা ব্যবস্থা থেকে ফ্রি মিক্সিংসহ ইসলামবিরোধী পাঠ বাতিল এবং হেফাজতে ইসলাম ঘোষিত ১৩ দফা বাস্তবায়নের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ করে দলটি।
দলটির কেন্দ্রীয় নায়েবে আমির মাহফুজুল হক বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে মাওলানা মামুনুল হকসহ সব আলেমকে মুক্তি দিতে হবে। অন্যথায় আগামী ৭ জানুয়ারি নির্বাচনের আগেই হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচিতে যাবে।
