বিবিধ

সংরক্ষিত নারী আসনে রওশন আরার মনোনয়ন প্রত্যাশা

  কাউনিয়া( রংপুর)প্রতিনিধি: ১৯ এপ্রিল ২০২৬ , ৩:০১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রংপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রওশন আরা বেগম রত্না ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রবিবার (১২ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করে একই দিন জমা দেন। রংপুর-৪ আসনের জন্য তিনি এ মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়ন ফরম জমা দেওয়ার পর রওশন আরা বেগম রত্না বলেন, দল তাকে মনোনয়ন দিলে রংপুরের মানুষের অধিকার আদায়ে কাজ করবেন। এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি নারীদের ক্ষমতায়ন ও উন্নয়নে ভূমিকা রাখতে চান তিনি।
তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ১৯৯৮ সালে জাতীয়তাবাদী মহিলা দল কাউনিয়া উপজেলা শাখায় যোগ দিয়ে সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালে তিনি রংপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং বর্তমানে সেই দায়িত্ব পালন করছেন।
রওশন আরা বেগম রত্না আরও বলেন, বিগত বছরগুলোতে নানা প্রতিকূলতা ও নির্যাতনের মধ্যেও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। যখন অনেকেই বিরোধী রাজনীতিতে ভয় পেতেন, তখনও তিনি নেতৃত্ব দিয়ে কাজ করে গেছেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও সেই প্রচেষ্টা অব্যাহত রাখবেন।