বিবিধ

মাদারগঞ্জ–সারিয়াকান্দি দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  জাহিদুর রহমান উজ্জ্বল, মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা: ৯ মে ২০২৬ , ৩:৫৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা :
জামালপুরের মাদারগঞ্জ থেকে বগুড়ার সারিয়াকান্দি অভিমুখে যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা বহুমুখী সেতু নির্মাণের দাবিতে শনিবার (৯ মে) মাদারগঞ্জ সদরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সকালে স্থানীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এ মানববন্ধনে সর্বস্তরের জনগণের পাশাপাশি ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী, স্কুল-কলেজের শিক্ষার্থী, অটোরিকশাচালক ও হকাররা অংশ নেন।
স্থানীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হওয়া মানববন্ধনে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান। বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান, মাদারগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মোশারফ হোসেন তালুকদার, বিএনপির সহসভাপতি মাসুদ খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল, পৌর বিএনপির নেতা ও কলেজশিক্ষক রকিবুল ইসলাম লিটন, মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ মজনু ফকির, যুবদল নেতা মুখলেছুর রহমান, আল-আমিন তালুকদার, জামায়াত নেতা সাদিউল ইসলাম, আতিকুল ইসলাম সেলিম, বগুড়ার কাজলা ইউনিয়ন বিএনপির সভাপতি মিস্টার বিএসসি, বিএনপি নেতা মুহিদুল ইসলাম, ছাত্র ইউনিয়নের নেতা মাফিজুল হক, বালিজুড়ি বাজারের ব্যবসায়ী আব্দুর রহিম সোনা মোল্লা ও ইউসুফ আলী খান প্রমুখ।
সভায় মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান বলেন, “ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ সহজ করতে জামালপুরের মাদারগঞ্জ থেকে বগুড়ার সারিয়াকান্দি পর্যন্ত যমুনা নদীর ওপর একটি সেতু নির্মাণ জরুরি। এতে সহজ ও দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে।”
তিনি আরও বলেন, “এই নদীপথে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ একটি সেতুর প্রয়োজন। সময় ও যাতায়াত ব্যয় কমাতে সেতু নির্মাণের দাবিতে মাদারগঞ্জবাসী ঐক্যবদ্ধ হয়েছে। তারা মাদারগঞ্জ–সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানাচ্ছে।”
তিনি প্রধান উপদেষ্টা তারেক রহমানের উদ্দেশে বলেন, “মাদারগঞ্জ ও সারিয়াকান্দির জনগণ আপনার দিকে তাকিয়ে আছে। আমাদের এই দাবিটি বিবেচনায় নেবেন।”
মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
জাহিদুর রহমান উজ্জ্বল