বিবিধ

ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োগও এক ধরনের দুর্নীতি: মানববন্ধনে বক্তারা

  কুড়িগ্রাম প্রতিনিধি: ১৪ জুন ২০২৬ , ৬:১৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

“শিশুশ্রমকে লাল কার্ড” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)।
রোববার (১৪ জুন) অনুষ্ঠিত এ মানববন্ধনে সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপসহ বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটি ও এমজেএসকেএস অংশ নিয়ে সংহতি প্রকাশ করে।
সনাক সভাপতি রওশন আরা চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন সলিডারিটির শিশু প্রতিনিধি পাখি দত্ত, ইয়েস দলনেতা আজিজুল হক, সনাক সদস্য মমতাজ নাসরীন, এমজেএসকেএসের প্রকল্প সমন্বয়কারী লুৎফর রহমান এবং দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ফজলে ইলাহী স্বপনসহ অন্যান্যরা।
মানববন্ধনে শিশু প্রতিনিধি পাখি দত্ত বলেন, দেশের বিভিন্ন স্থানে শিশুরা এখনও নানা ধরনের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে। যারা নিজেদের স্বার্থে কম মজুরিতে শিশুদের দিয়ে এসব কাজ করিয়ে নিচ্ছেন, তারা শিশুদের অধিকার লঙ্ঘন করছেন। তিনি বলেন, “ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োগ দেওয়াও এক ধরনের দুর্নীতি।”
বক্তারা শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা দ্রুত হালনাগাদ, বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রমের সঠিক ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রকাশ, এবং বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতকে শিশুদের জন্য নিষিদ্ধ কাজের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান।
তারা শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরের মানুষের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।