কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে অসাবধানতায় কৌতুহল থেকে এক নিরাপত্তার কর্মী তার নিজের ছোড়া গুলিতে গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত ব্যক্তি হলেন অর্নেট লজিস্টিক সার্ভিসের নিরাপত্তা প্রহরী মো.শিমুল(২৬)।
মঙ্গলবার(১৮ এপ্রিল) সকালে জেলা শহরের পৌরসভা এলাকায় ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের টাকা আনার পথে এ দূর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সুত্র জানায়, ডাচ বাংলা ব্যাংকের বুথের জন্য টাকা আনার পথে মো. শিমুল তার সাথে থাকা মো. রায়হান নামের আরেক নিরাপত্তা কর্মীর সাথে কথা বলা এক পর্যায়ে হাসি-ঠাট্টার সময় কৌতুহলবশত গুলি ছুড়লে গুলি তার নিজের কোমরে গিয়ে লাগে। পরে গুরুতর আহত অবস্থায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহিনুর রহমান সরদার বলেন,’আহত নিরাপত্তা কর্মীর অবস্থা আশংকাজনক হওয়ায় আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেলে রেফার্ড করেছি।’
ডাচ বাংলা ব্যাংকের কুড়িগ্রাম শাখার ম্যানেজার মো. শরিফুল ইসলাম বলেন,’বিষয়টি আমরা খোঁজ-খবর রাখছি। কোন ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। দুই নিরাপত্তা কর্মী নিজেদের মধ্যে হাসি-ঠাট্টার এক পর্যায়ে অসাবধানতায় গুলিটি বেরিয়ে যায়।’
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই নিরাপত্তা কর্মীর গুলি ছোড়ার বিষয়টি আমরা অবগত। আহত শিমুল রংপুর মেডিকেলে চিকিৎসারত । তিনি সুস্থ হবার পর দায়িত্বে গাফিলতি অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।
