বিবিধ

কাউনিয়া হাসপাতালে পানির সংকট, ভোগান্তিতে রোগী-স্বজন

  কাউনিয়া( রংপুর)প্রতিনিধি: ২১ এপ্রিল ২০২৬ , ৬:১৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিউবওয়েল অকেজো হয়ে পড়ায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা পড়েছেন চরম ভোগান্তিতে।
জানা গেছে, হাসপাতালের নিচতলায় স্থাপিত একমাত্র টিউবওয়েল থেকেই এতদিন রোগী ও স্বজনরা পানি সংগ্রহ করতেন। কিন্তু কয়েকদিন ধরে সেটি বিকল হয়ে পড়ে থাকায় বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় সংকট দিন দিন বাড়ছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) হাসপাতালে গিয়ে দেখা যায়, নিরাপদ পানির অভাবে রোগী ও স্বজনদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। হারাগাছ এলাকার রোগী ফজলু মিয়ার স্বজন মনোয়ারা বেগম জানান, “হাসপাতালে কোনো টিউবওয়েল চালু নেই। বিশুদ্ধ পানির জন্য আমাদের অনেক কষ্ট করতে হচ্ছে। অনেক কেবিন ও ল্যাট্রিনেও পাইপলাইনের পানি বন্ধ রয়েছে। যেসব স্থানে পানি আসে, তা ব্যবহার অনুপযোগী।”
টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের আব্দুস সাত্তার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার স্বজনরা বলেন, “বাধ্য হয়ে হাসপাতালের বাইরে থেকে নলকূপের পানি সংগ্রহ করে পান করতে হচ্ছে।”
একই অবস্থা জানালেন টেপামধুপুরের রাজিব গ্রামের রাবেয়া বেগম। তিনি তার ছেলে রাব্বিকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করেছেন। তিনি বলেন, “পানির অভাবে আমাদের উপজেলা পরিষদ মসজিদ থেকে পানি এনে পান করা ও ব্যবহার করতে হচ্ছে।”
এদিকে, সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভর্তি রোগীদের জন্য বিশুদ্ধ পানির অভাব চিকিৎসা সেবাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে বলে মনে করছেন সচেতন মহল।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আহসান হাবীব বলেন, “অতি দ্রুত অকেজো নলকূপ মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।”