উত্তরের আলো

আমি কোন দল খুলছি না, বেগম জিয়া আমার নেত্রী: মেজর হাফিজ

আমি কোন দল খুলছি না, বেগম জিয়া আমার নেত্রী: মেজর হাফিজ

নানা গুঞ্জনের পর অবশেষে বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব:)হাফিজ উদ্দীন আহমেদ বীর বিক্রম জানিয়েছেন তিনি বিএনপির বাহিরে নতুন কোন দল খুলছেন না।

বুধবার (৮ নভেম্বর) বনানীতে নিজ বাসায় বিএনপিতে থাকা না থাকা এবং আগামী নির্বাচন ভাবনা নিয়ে নিজের বক্তব্য গণমাধ্যমে তুলে ধরেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

তিনি বলেন, রাজনীতির উপর আগ্রহ হারিয়েছি। বিএনপির রাজনীতি থেকেও দূরে আছি। শারীরিক অবস্থা ভালো নয় বলে কোনো রাজনীতির সাথে জড়িত নই। তথ্যমন্ত্রীর বক্তব্য দৃষ্টিতে এসেছে। আমি কোনো দল খুলছি না। বেগম জিয়া আমার নেত্রী, তিনি বাইরে থাকতে আমার কোনো সমস্যা হয়নি। বেগম জিয়ার অনুপস্থিতিতে দল থেকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। তবে শেষদিন পর্যন্ত বিএনপির সঙ্গেই থাকব।

মেজর হাফিজ বলেন, আগামী নির্বাচনে অংশ নেয়ার মতো শারীরিক অবস্থা নেই। খুব শিগগিরই রাজনীতি থেকে অবসর নেবো। তবে বিএনপি যদি এবার নির্বাচনে অংশ নেয় তাহলে বিএনপি থেকেই নির্বাচনে অংশ নেয়ার কথা জানান তিনি।

তিনি বলেন, আন্তর্জাতিক মধ্যস্থতায় নির্বাচন হলে তাতে বিএনপির অংশ নেয়া উচিৎ।

নিজেকে দেয়া বিএনপির কারণ দর্শানোর নোটিশের বিষয়ে তিনি বলেন, ২০২০ সালের ১৪ ডিসেম্বর কারণ দর্শানোর নোটিশ দেয়া হয় ১১টি অভিযোগে। বলা হয়, দলের নির্দেশ ছাড়া সরকারবিরোধী মিছিলে যোগ দেয়ার কারণে নোটিশ দেয়া হয়েছে। শওকত মাহমুদের সঙ্গে কোনো মিছিলে যোগ দেইনি। তার সাথে কোনো যোগাযোগ আগেও ছিল না, এখনও নেই। তারপরও আমার বিরুদ্ধে অভিযোগ।

তিনি আরও বলেন, চিঠির জবাব দেয়ার পর আমি জানি না, সে চিঠি গ্রহণ হয়েছে কিনা, না বাতিল হয়েছে। এমন আচরণ আমি ডিজার্ভ করি না। জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে এমন আচরণ গ্রহণযোগ্য নয়।

মেজর হাফিজ বলেন, জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণে বিএনপি এত বছর ধরে ক্ষমতার বাইরে।

শেয়ার: