বিবিধ

অটোরিকশার ধাক্কায় স্কুল ছাত্র নিহত

  স্টাফ রিপোর্টার: ৮ মে ২০২৬ , ৫:৫৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের চিলমারীতে স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১২ বছরের এক শিশু।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টার দিকে উপজেলার বালাবাড়ী হাট পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন সংলগ্ন পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার (৮ মে) থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এরই মধ্যে তার জানাজা সম্পন্ন হয়েছে।
নিহত শিশুর নাম মো. জীবন মিয়া (১২)। সে শিকারপাড়া এলাকার মো. বিপুল মিয়ার ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে জীবন মিয়া স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথে চিলমারী মডেল থানার বালাবাড়ী হাট পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন সংলগ্ন পাকা সড়ক পার হওয়ার সময় একটি অজ্ঞাত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে মাথায় গুরুতর আঘাত পেয়ে রাস্তায় পড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেদিন রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।