রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের অভিযানে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ইউসূফ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইশপাড়া ঘাট এলাকায় মো. জসির উদ্দিনের টং দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবিরের নেতৃত্বে রৌমারী থানার পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানকালে ইউসূফ আলীর হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতরে কালো জিপারযুক্ত একটি প্যাকেট থেকে কমলা রঙের মোট ৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বলেন, রৌমারী, রাজিবপুর ও ঢুষমারা থানা এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। মাদক কারবারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
