উত্তরের আলো

রুয়েটের ১২ শিক্ষার্থী দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কৃত

রুয়েটের ১২ শিক্ষার্থী দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কৃত

শেখ সিয়াম আব্দুল্লাহ,রুয়েট প্রতিনিধি: পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১২ শিক্ষার্থীকে আগামী দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিযুক্ত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে।

মঙ্গলবার(১৩ অক্টোবর)সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বোর্ড অব ডিসিপ্লিনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ২১ সিরিজের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) ও তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের একজন করে মোট দুজন রয়েছেন। ২২ সিরিজের যন্ত্রকৌশল ও পুরকৌশল বিভাগের একজন করে মোট দুজন শিক্ষার্থী রয়েছেন। এ ছাড়া ২৪ সিরিজের পুরকৌশল বিভাগের চারজন ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগের একজনসহ মোট পাঁচজন এবং ২৫ সিরিজের পুরকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের একজন করে মোট তিনজন শিক্ষার্থী রয়েছেন।

সিরিজভিত্তিক হিসাবে ২১ সিরিজের দুজন, ২২ সিরিজের দুজন, ২৪ সিরিজের পাঁচজন এবং ২৫ সিরিজের তিনজন শিক্ষার্থী এ শাস্তির আওতায় পড়েছেন।

সিদ্ধান্ত অনুযায়ী, ২১ সিরিজের দুই শিক্ষার্থীর চতুর্থ বর্ষের বিজোড় সেমিস্টারের পরীক্ষা, ২২ সিরিজের দুই শিক্ষার্থীর তৃতীয় বর্ষের বিজোড় সেমিস্টারের পরীক্ষা, ২৪ সিরিজের পাঁচ শিক্ষার্থীর প্রথম বর্ষের ব্যাকলগ পরীক্ষা এবং ২৫ সিরিজের তিন শিক্ষার্থীর প্রথম বর্ষের বিজোড় সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে। পাশাপাশি প্রত্যেককে আগামী দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের মেয়াদ শেষে পুনঃভর্তির মাধ্যমে সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন তাঁরা।

এ ছাড়া পরীক্ষার সময় কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে জব্দ করা ক্যালকুলেটর ও মোবাইল ফোন বিশ্ববিদ্যালয়ের হেফাজতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের শিক্ষাজীবনের কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এসব সামগ্রী ফেরত দেওয়া হবে।

এ বিষয়ে রুয়েটের ডিসিপ্লিনারি কমিটির সদস্যসচিব ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, “পরীক্ষায় অসদুপায়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। একজন শিক্ষার্থীর জন্য একাডেমিক জ্ঞানের পাশাপাশি সততা, নৈতিক মূল্যবোধ ও দায়িত্বশীলতা গুরুত্বপূর্ণ। পরীক্ষায় অসদুপায় অবলম্বন শিক্ষার্থীর ব্যক্তিগত ভবিষ্যতের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার পরিবেশের জন্যও উদ্বেগজনক।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার সুবিধার্থে রুয়েটে ব্যাকলগ ও শর্ট সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাঁচটি পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার পরও কেউ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে তা হতাশাজনক। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থেকে নৈতিকতা ও সততার সঙ্গে পড়াশোনা করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ, একাডেমিক শৃঙ্খলা ও শিক্ষার মান বজায় রাখতে অসদুপায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখবে রুয়েট প্রশাসন।

শেয়ার: