কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামে ৩শ পিস ইয়াবাসহ ইমন আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে তিনি নদীপথে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইমন আলীকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, ইমন আলী দীর্ঘদিন ধরে নদীপথে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালিয়ে ৩শ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ইমন আলী কুড়িগ্রামের কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়া এলাকার বাসিন্দা।
কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীরা যত কৌশলই অবলম্বন করুক, তাদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশকে সহযোগিতা করতে সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
