উত্তরের আলো

রৌমারীতে জুয়ার আসরে অভিযান, দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার ১৪

রৌমারীতে জুয়ার আসরে অভিযান, দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার ১৪

কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের রৌমারীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৫৬ হাজার ২৬২ টাকা, পাঁচ সেট তাস, তিনটি কম্বল, একটি মাদুর, ১০টি বাটন মোবাইল ফোন ও চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে রৌমারী থানাধীন কলেজপাড়া গ্রামের মো. নূর মোহাম্মদের বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবিরের নেতৃত্বে কুইক রেসপন্স টিম (QRT), রাত্রিকালীন জরুরি ডিউটি পার্টি ও রাত্রিকালীন অভিযান পার্টি যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। এ সময় ওই বাড়িতে জুয়া খেলারত অবস্থায় ১৪ জনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রৌমারীর চৎলাকান্দা এলাকার মো. ভোলা মিয়া (৬০), বোয়ালমারী এলাকার মো. একরামুল হক (৪৫), উত্তর ইজলামারী এলাকার মো. নুরুল আমিন (৫৬), মির্জাপাড়া এলাকার মো. ছহিবর রহমান (৪০), রাজারহাট তালুক কানুয়া এলাকার মো. জাহাঙ্গীর আলম (৪০), চর নতুন বন্দর এলাকার এনামুল হক (৪৫), বেহুলার চর এলাকার মো. কামাল হোসেন (৩৮), জামালপুরের দেওয়ানগঞ্জ এলাকার মো. আ. মান্নান (৩৮), চান্দারচর এলাকার আ. গফুর (৪২), ইজলামারী এলাকার আইয়ুব আলী (৫০), খাটিয়ামারী এলাকার আনুজ্জামান (৫০), নটানপাড়া এলাকার মো. শালু মিয়া (৫২), চর নতুন বন্দর এলাকার মো. রাশেদুল হক (৩৭) ও চান্দারচর এলাকার মো. অফিল উদ্দিন (৪৪)।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বলেন, জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার ১৪ জনের হেফাজত থেকে ১ লাখ ৫৬ হাজার ২৬২ টাকা, জুয়া খেলায় ব্যবহৃত পাঁচ সেট তাস, তিনটি কম্বল, একটি মাদুর, ১০টি বাটন মোবাইল ফোন ও চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জুয়া ও জুয়ার আসরকে কেন্দ্র করে সংঘটিত অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার: