উত্তরের আলো

প্রতিমন্ত্রীর সফরের দিনও অফিসে অনুপস্থিত শিক্ষা কর্মকর্তা, উঠেছে নানা অভিযোগ

প্রতিমন্ত্রীর সফরের দিনও অফিসে অনুপস্থিত শিক্ষা কর্মকর্তা, উঠেছে নানা অভিযোগ

হারুন উর রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি:প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দিনাজপুর সফরের দিনও অফিসে অনুপস্থিত ছিলেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহসিন। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে তার কক্ষটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়।

এ সময় অফিসের বড়বাবু হিসেবে পরিচিত রেশমা খাতুনের কাছে উপজেলা শিক্ষা কর্মকর্তার উপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কিছুক্ষণ আগেই তার সঙ্গে স্যারের কথা হয়েছে। তিনি রংপুর থেকে অফিসের উদ্দেশে রওনা হয়েছেন এবং তারা তার আসার অপেক্ষায় রয়েছেন।

অফিসের বাইরের দৃশ্য ধারণের সময় সাংবাদিকদের ছবি তোলায় আপত্তি জানান রেশমা খাতুন। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহসিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আগের দিন রংপুরে শিক্ষা প্রতিমন্ত্রীর একটি কর্মসূচি ছিল। সেখানে তিনি উপস্থিত ছিলেন। সোমবার তিনি ‘ট্রানজিট লিভে’ রয়েছেন বলেও জানান তিনি।

তবে প্রতিমন্ত্রী যখন দিনাজপুরে সফর করছিলেন, তখন উপজেলা পর্যায়ের একজন শিক্ষা কর্মকর্তা কর্মস্থলে উপস্থিত না থেকে রংপুরে অবস্থান করছিলেন—এ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থেকে রংপুরে নিজ বাসা থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন। এতে প্রাথমিক শিক্ষা অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত ঘটছে বলেও তারা দাবি করেন।

এ ছাড়া তার বিরুদ্ধে দাপ্তরিক কাজে অনিয়ম ও অবৈধভাবে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে বলেও স্থানীয়ভাবে দাবি করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগগুলোর বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহসিনের বক্তব্য জানতে চাইলে তিনি ‘ট্রানজিট লিভে’ থাকার বিষয়টি উল্লেখ করেন। তবে নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং অর্থ নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বিস্তারিত কোনো বক্তব্য দেননি।

স্থানীয়রা বলছেন, উপজেলা শিক্ষা কর্মকর্তার কর্মস্থলে উপস্থিতি, ‘ট্রানজিট লিভ’-এর বৈধতা এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা প্রয়োজন।

শেয়ার: