কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাবেক খাদ্য গুদাম কর্মকর্তা (এলএসডি) শহিদুল্লাহকে অর্থ আত্মসাতের মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) কুড়িগ্রাম আদালতে হাজিরা দিতে গেলে আদালতের নির্দেশে তাকে আটক করা হয়। পরে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মামলার বাদী নাসির উদ্দিনের দেওয়া তথ্য অনুযায়ী, তার দায়ের করা পিটিশন মামলা নম্বর ১৫৪/২৫-এর অভিযোগের ভিত্তিতে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলাটি করা হয়। পরবর্তীতে মামলাটি কুড়িগ্রাম জিআর নম্বর ৯২/২৬ হিসেবে নথিভুক্ত হয়।
বাদী নাসির উদ্দিন অভিযোগ করে বলেন, লাল মিয়ার অর্থ আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় আদালতে হাজিরা দিতে মঙ্গলবার শহিদুল্লাহ কুড়িগ্রাম আদালতে উপস্থিত হলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত, রৌমারী থানা, কুড়িগ্রাম তার আটকের নির্দেশ দেন।
আদালতের নির্দেশের পর তাকে হেফাজতে নেওয়া হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এদিকে, শহিদুল্লাহর বিরুদ্ধে রৌমারী থানায় দায়ের করা আরও একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ওই মামলার এফআইআর নম্বর ১০ এবং জিআর নম্বর ২১৩ বলে জানা গেছে। তবে দ্বিতীয় মামলাটির বিস্তারিত অভিযোগ ও পরোয়ানার বর্তমান অবস্থা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
শহিদুল্লাহর বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাতের অভিযোগ এবং অন্য মামলায় ওয়ারেন্টের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর বিষয়ে তার পক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি।
