রাজনীতি

উত্তরাঞ্চল এখনো বৈষম্যের শিকার: কুড়িগ্রামে নাহিদ ইসলাম

  আতাউর রহমান,কুড়িগ্রাম প্রতিনিধি: ১৬ জুলাই ২০২৬ , ৮:৫৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, উত্তরাঞ্চলের আঞ্চলিক ও অর্থনৈতিক বৈষম্য এখনো দূর হয়নি। তিস্তা মহাপরিকল্পনাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে এ অঞ্চলের মানুষ বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরেও তিস্তা প্রকল্প নিয়ে কোনো দৃশ্যমান অর্জন হয়নি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় কুড়িগ্রাম জেলা শহরের টগরাইহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় কৃষক শক্তির কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “উত্তরাঞ্চলের আঞ্চলিক ও অর্থনৈতিক বৈষম্য বর্তমান সরকার দূর করতে পারেনি। তিস্তা পরিকল্পনাতেও একই বৈষম্য দেখা যাচ্ছে। তিস্তা নিয়ে প্রধানমন্ত্রী চীন সফর করেও কোনো অর্জন নিয়ে আসতে পারেননি।”
তিনি অভিযোগ করে বলেন, “উত্তরাঞ্চল থেকে অধিকাংশ বিরোধী দলের প্রার্থী নির্বাচিত হওয়ায় সরকার পরিকল্পিতভাবে কুড়িগ্রাম ও রংপুর অঞ্চলকে উন্নয়ন বাজেট থেকে বঞ্চিত রেখেছে। বড় কোনো বাজেট বরাদ্দ দেওয়া হয়নি, বড় বড় উন্নয়ন পরিকল্পনাতেও উত্তরাঞ্চলকে রাখা হয়নি। আমরা এ বৈষম্য মেনে নেব না।”
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এই উত্তরাঞ্চলের সন্তান আবু সাঈদ জুলাই গণঅভ্যুত্থানে প্রথম বুকের রক্ত দিয়েছেন। এখানকার মানুষ ভোটাধিকার প্রয়োগ করে আমাদের নির্বাচিত করেছেন। তাই উত্তরাঞ্চলের ন্যায্য উন্নয়ন নিশ্চিত করতে হবে।”
কৃষক কার্ড বিষয়ে নাহিদ ইসলাম বলেন, “আমরা কৃষক কার্ডের বিপক্ষে নই। কিন্তু কৃষক কার্ডের মাধ্যমে যে অর্থ দেওয়া হবে, তা কৃষকের প্রকৃত চাহিদা পূরণে যথেষ্ট নয়। কৃষক কার্ডের নামে দুর্নীতির সুযোগ তৈরি হতে পারে। সেই সুবিধা কৃষক দলের বা যুবদলের নেতাকর্মীদের কাছে চলে যেতে পারে। প্রকৃত কৃষক সেই সুবিধা পাবেন এমন কোনো নিশ্চয়তা নেই।”
সমাবেশ শেষে জাতীয় কৃষক শক্তির ৭ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হয়।
এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়াসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।