শিক্ষা

জুলাইয়ের চেতনা ধারণে রুয়েটে ২৪ প্রজাতির গাছের চারা রোপণ

  শেখ সিয়াম আব্দুল্লাহ,রুয়েট প্রতিনিধি: ১৬ জুলাই ২০২৬ , ৪:২১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও স্মৃতিকে ধারণ করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে ২৪ প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। রাজশাহী শহর পরিষদের উদ্যোগে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। তিনি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান।
কর্মসূচি শেষে অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, “স্মরণীয় জুলাই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী শহর পরিষদের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এটি শুধু একটি বৃক্ষরোপণ কর্মসূচি নয়, বরং সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ সচেতনতা এবং নতুন প্রজন্মের দায়িত্ববোধ জাগ্রত করার একটি ইতিবাচক প্রয়াস। জুলাইয়ের আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করে প্রতীকীভাবে ২৪টি প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়িত্ববোধের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। গাছ যেমন নির্মল ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলে, তেমনি প্রতিটি দায়িত্বশীল উদ্যোগ একটি সুন্দর, টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
রাজশাহী শহর পরিষদের সভাপতি তালহা বিন কবির বলেন, “জুলাই আন্দোলনের সংগ্রামী চেতনাকে ধারণ করে রুয়েটে প্রতীকীভাবে ২৪ প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। বর্তমান সময়ে তীব্র তাপপ্রবাহ, জলবায়ু পরিবর্তন ও অনিয়মিত বৃষ্টিপাত আমাদের পরিবেশগত সংকটের কথা প্রতিনিয়ত মনে করিয়ে দিচ্ছে। এমন বাস্তবতায় একটি গাছ রোপণও সবুজ ও নিরাপদ ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গাছ আমাদের প্রকৃত বন্ধু, তাই পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।”
আয়োজকরা জানান, জুলাইয়ের চেতনা ও স্মৃতিকে ধারণ করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। প্রতীকীভাবে ২৪ প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে একটি সবুজ, টেকসই ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণ ও গাছের নিয়মিত পরিচর্যায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে রুয়েট প্রশাসন ক্যাম্পাসজুড়ে আরও পাঁচ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সবুজায়ন আরও সমৃদ্ধ হবে এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।