শেখ সিয়াম আব্দুল্লাহ,রুয়েট প্রতিনিধি: ১৫ জুলাই ২০২৬ , ৯:২৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে ‘ইউরোপে প্রকৌশলীদের সম্ভাবনা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টায় বিভাগের সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়।
সেমিনারের মূল বক্তা ছিলেন যন্ত্রকৌশল বিভাগের ২০১৪–১৫ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী আনান আশরাবি অনন্য। তিনি বর্তমানে সুইডেনের লিংকোপিং বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডাস্ট্রিয়াল অপটিমাইজেশন’ বিষয়ে পিএইচডি গবেষণা করছেন। পাশাপাশি সুইডেনভিত্তিক প্রতিষ্ঠান ‘নরমাইন্ডস’-এ অপটিমাইজেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক পরামর্শক হিসেবে কর্মরত রয়েছেন।
সেমিনারে বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি, বিশ্ববিদ্যালয় নির্বাচন, গবেষণার ক্ষেত্র, বৃত্তির সুযোগ, আবেদন প্রক্রিয়া এবং উচ্চশিক্ষা-পরবর্তী ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের গবেষণার সুযোগ, গবেষণার বিষয় নির্বাচন এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামূলক প্রোফাইল গড়ে তোলার কৌশল তুলে ধরেন বক্তা।

আনান আশরাবি অনন্য ইউরোপ ও যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা, গবেষণার পরিবেশ, অর্থায়ন, আবেদন প্রক্রিয়া এবং জীবনযাত্রার বিভিন্ন দিক তুলনামূলকভাবে উপস্থাপন করেন। তিনি সুইডেনে উচ্চশিক্ষা ও গবেষণার অভিজ্ঞতা তুলে ধরে পিএইচডি গবেষকদের জন্য বিশ্ববিদ্যালয় ও সরকারের আর্থিক সুবিধা, গবেষণা অনুদান, কর্মপরিবেশ এবং জীবনমান সম্পর্কেও আলোকপাত করেন।
এছাড়া উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় একাডেমিক ফলাফল, গবেষণার অভিজ্ঞতা, ইংরেজি ভাষায় দক্ষতা, জীবনবৃত্তান্ত (সিভি) ও স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) প্রস্তুত, সম্ভাব্য গবেষণা তত্ত্বাবধায়কের সঙ্গে যোগাযোগ এবং বৃত্তি অর্জনের কার্যকর কৌশল বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মেহেদী হাসান মাসুদ, অধ্যাপক মো. মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক মিম মাশরুর আহমেদসহ বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিভিন্ন শিক্ষাবর্ষের শতাধিক শিক্ষার্থী সেমিনারে অংশ নেন।
সেমিনারে অংশ নেওয়া ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহাগ রানা বলেন, “বিদেশে উচ্চশিক্ষা নিয়ে আমাদের আগ্রহ থাকলেও প্রস্তুতি, আবেদন প্রক্রিয়া ও বৃত্তি অর্জনের বিষয়ে অনেকেরই স্পষ্ট ধারণা থাকে না। আজকের সেমিনার থেকে গবেষণার বিষয় নির্বাচন, সিভি প্রস্তুত এবং উচ্চশিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পেয়েছি। এ ধরনের আয়োজন নিয়মিত হলে শিক্ষার্থীরা আরও উপকৃত হবে।”
শেষ পর্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা, গবেষণা, বৃত্তি, বিশ্ববিদ্যালয় নির্বাচন, আবেদন প্রক্রিয়া ও বিদেশে শিক্ষাজীবন নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। বক্তা নিজের অভিজ্ঞতার আলোকে তাদের প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
শিক্ষার্থীদের মতে, এ ধরনের আয়োজন আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











