আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম: ৮ জুন ২০২৬ , ৬:০৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
ভারত থেকে অবৈধভাবে বাংলা ভাষাভাষী লোকজনকে বাংলাদেশে ‘পুশইন’ করার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষাপটে কুড়িগ্রাম সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করা হয়েছে। রোববার (৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক পুশইন ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম আরও বৃদ্ধি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি বিওপি (বর্ডার আউটপোস্ট) থেকে নিয়মিত টহলের পাশাপাশি দিন-রাত বিশেষ কৌশলগত টহল পরিচালনা করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে যৌথ টহল, গোয়েন্দা নজরদারি এবং সার্বিক পর্যবেক্ষণ কার্যক্রমও জোরদার করা হয়েছে।
বিজিবি আরও জানায়, যেকোনো পরিস্থিতি পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা দৃঢ় অবস্থানে রয়েছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মাহবুব-উল-হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সীমান্তবর্তী জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সন্দেহজনক কোনো গতিবিধি দেখা গেলে দ্রুত বিজিবিকে জানানোর অনুরোধ করা হয়েছে।











