অপরাধ

রৌমারীতে কেসিনো খেলা ও মাদক নিয়ে বিরোধ, বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

  ডেস্ক রিপোর্ট : ২৯ মে ২০২৬ , ১০:৩৬ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

ছবি:সংগৃহিত
রৌমারীতে কেসিনো খেলা ও মাদক নিয়ে বিরোধ, বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় কেসিনো খেলা ও মাদকাসক্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম মোঃ সজিব মিয়া (২৫)। তিনি উপজেলার যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের মোঃ রাকু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৪টার দিকে কাশিয়াবাড়ী গ্রামে কেসিনো খেলা ও মাদকাসক্তি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে তর্কবিতর্কের সৃষ্টি হয়। এ সময় পরিবারের লোকজন সজিব মিয়াকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বললে তার মা, বড় ভাই মোঃ সাকিব মিয়া ও মামা মোঃ সাইফুল ইসলামের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে বড় ভাই মোঃ সাকিব মিয়া সুড়কি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন সজিব মিয়া। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে রৌমারী থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।